
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ওপরে জনগণের আস্থা নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে বিয়াম মিলনায়তন সংলগ্ন সড়কে ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও জোনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলীয় নেতা নুরে আলম, আব্দুর রহিম, শাওন প্রধান, শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে ঢাকা মহানগরীর ১৬টি স্পটে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মির্জা আব্বাস বলেন, আজকে আওয়ামী লীগের ওপরে জনগণের কোনো আস্থা নাই। যারা বিএনপি-আওয়ামী লীগ করে না, নিরপেক্ষ, তারাও আওয়ামী লীগকে বিশ্বাস করে না। বিএনপির ওপরে তারা ভরসা করতে পারে, বিএনপিকে বিশ্বাস করে। আজকে দেশের সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান ঠিক নেই দাবি করে মির্জা আব্বাস বলেন, কোর্ট বলেন, কাচারি বলেন, থানা বলেন, পুলিশ বলেন কোনো কিছুরই ঠিক নাই। সব নষ্ট করে দিয়েছে। এই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এজন্য আমাদের নেতা তারেক রহমান কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচি পালনের মাধ্যমে দেশের মানুষের ভোট দেওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকার আমরা ফিরিয়ে আনবো।