
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটির নেতারা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে যাওয়ার সময় নীলক্ষেত পুলিশ ফাড়ির সামনের সড়কে তাদের ওপর হামলা চালানো হয়। এই হামলায় ছাত্রদলের ৬ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের বেশিরভাগেরই মাথায় আঘাত প্রাপ্ত। ছাত্রদলের নেতারা দাবি করেছেন এই হামলায় তাদের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালে ছাত্রদল নেতারা বলেন, বিকেলে সাড়ে ৪টার দিকে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে সড়কে ছাত্রদলের ওপরে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় তারা আহত হন। আহতরা হলেন- সদ্য ঘোষিত কমিটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল আমিনুল ও নাসির হোসেন শাওন, সহ-সাধারণ সম্পাদক মুন্সী সোহাগ, এসএম হলের সম্পাদক রাজু আহমেদ ও যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ।এ সময় হাসপাতলে আরিফুল ইসলাম বলেন, ছাত্রদলের সদ্য কমিটি ভিসি স্যারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ছাত্রলীগের গুণ্ডারা আমাদের ওপর হামলা করে। হামলায় ছাত্রদলের ২০ জনের মতো আহত হয়েছেন। অধিকাংশই মাথায় আঘাত পেয়েছেন। তাদের লোহার রড, ক্রিকেটের স্ট্যামসহ নানারকম জিনিস দিয়ে আঘাত করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা।