
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে পরিপূর্ণতা দিয়েছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা৷ আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে শুধু অর্থনৈতিকভাবেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাননি, তিনি মুক্তিযুদ্ধের চেতনাকেও পুনরুজ্জীবিত করেছেন। তাই আজ শুধু শেখ হাসিনার জন্মদিন নয়, একটি জাতির পুনরুজ্জীবনেরও দিন। বুধবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের নেতারা এ সব কথা বলেন ৷ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, স্বজন হারানোর বেদনা চাপা দিয়ে শেখ হাসিনা ঝড়, বৃষ্টি আঁধার রাতে ফিরে এসেছিলেন। তাঁর সুদক্ষ পরিচালনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করছেন। আজ পাকিস্তানের পার্লামেন্টে বলা হয় পাকিস্তানকে সুইজারল্যান্ড নয়, বাংলাদেশ বানিয়ে দাও ৷