
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে পূজায় মন্দিরে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার (২ অক্টোবর) রমনা কালীমন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদরে বলেন, আজকে শেখ হাসিনার সরকার ১৩ বছরে পড়েছে। মাঝেমধ্যে দুর্গাপূজা দুর্বৃত্তদের দ্বারা টার্গেট হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। নোয়াখালীর চৌমুহনীতে, কুমিল্লা শহরে, রংপুরে হামলার ঘটনা ঘটেছে। হিন্দুদের মন্দির টার্গেট করে হামলা করা হচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এরমধ্যে চৌমুহনীতে বীভৎস অবস্থা দেখা গিয়েছে। সেখানে হিন্দু ভাইবোনদের অনেকে মারাও গেছেন। বাড়িঘর দখলের উদ্দেশ্যেই হামলা করা হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এসব কাজ তারাই করে যারা হিন্দুদের বাড়িঘর দখল করে, জমি দখল করে; যেটা এত বছর হলো না। এত শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। গত বছরের ঘটনা নিদারুণভাবে লজ্জা দিয়েছে। সে ব্যাপারে সতর্ক রয়েছি। সরকারি সংস্থার পাশাপাশি পার্টিও সতর্ক রয়েছে।