নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ত্যাগীদের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেছেন, আগামী ২৩ অক্টোবর জেলা ও ২৫ তারিখ মহানগর আওয়ামী লীগের সম্মেলন। আমি বলবো ত্যাগীদের মূল্যায়ন করুন। মাথা থেকে পা পর্যন্ত যারা আওয়ামী লীগার তাদের মূল্যায়ন করুন। মূল্যায়ন মানে শুধুই পদ-পদবি বা টাকা নয়, সম্মান দিতে হবে।বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে শহরের ইসদাইরে নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে দলের তৃণমূল নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন শামীম ওসমান। তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। তিনি তৃণমূলের নেতাকর্মীদের হৃদয়ে বাস করেন। তার সবচেয়ে বড় প্রমাণ চন্দন শীল। তার দুই পা নেই, বোমা হামলায় পঙ্গু হয়েছেন। শেখ হাসিনা তাকেই জেলা পরিষদের মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন তৃণমূলের সব ত্যাগী নেতাকর্মীদের মনোনয়ন। তিনি আরও বলেন, জাতির পিতার কন্যা শুধু আওয়ামী লীগের স্পন্দন নন। তিনি আমার সন্তান, আপনার সন্তানের ভবিষ্যত। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি। কিছুদিন আগে জনসভা ডেকেছিলাম। নারায়ণগঞ্জের ইতিহাসের সবচেয়ে বড় জনসভা ছিল, এটা কত কথা বলা হলো এটা নিয়ে। সেদিন কোথায় লোক শুরু আর কোথায় শেষ তা দেখা যায়নি। এগুলো আমার কথা নয় গণমাধ্যমের কথা। সেদিন ঠিক করেছিলাম আপনাদের সবাইকে নিয়ে বসব। তাই আজকের এই আয়োজন।