
নিউজ ডেস্কঃ মাদারীপুর জেলার শিবচরে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (৭ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে বিকেলে রাষ্টপতি শিবচরের দত্তপাড়ায় আসবেন। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় মতবিনিময় সভা চলছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঢাকায় ফেরার পথে তিনি দত্তপাড়া আসবেন। এখানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরী ওরফে দাদা ভাইয়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। সেই সঙ্গে ইলিয়াস আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এবং দৃষ্টিনন্দন কলেজ মসজিদ পরিদর্শন করবেন তিনি। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে গত কয়েকদিন ধরেই এলাকায় পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।