
নিউজ ডেস্কঃ মৃত্যুর ভয় আমাদের সবার আছে। তাই সবাই নিরাপদ সড়ক চাই। সমন্বিতভাবে এটা বাস্তবায়ন করতে পারলে সড়ক দুর্ঘটনা কমবে। আমাদের প্রায় ৩০০-৩৫০ রাস্তার কাজ চলছে। প্রত্যেকটা রাস্তায় ফুটপাত রয়েছে। এ ফুটপাতগুলো তৈরি করি পথচারীদের হাঁটার জন্য। কিন্তু আমাদের দেশের এক শ্রেণির মানুষ মনে করে ফুটপাত হলো তাদের ব্যবসার কেন্দ্রবিন্দু। এ বিষয়ে আমরা যখন কথা বলি তখন অনেক সচেতন নেতাও তাদের পক্ষে কথা বলেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সড়ক নিরাপত্তা বিষয়ক সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, নেতারা কেন ফুটপাতের হকারদের পক্ষে থাকে তা জানি না তবে বেশিরভাগ নেতাই তাদের পক্ষে থাকেন। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। একদিকে বলা হবে এক্সিডেন্ট কেন হয়। অন্যদিকে ফুটপাতে মানুষ হাঁটতে পারে না। হকার উঠাতে গেলে ওদের জন্য বিকল্প ব্যবস্থা করতে বলে। শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।