
নিউজ ডেস্কঃসরকার গুম, খুন ও বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড সমর্থন করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে। শনিবার (০৮ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, সরকার চায় না কেউ গুম হোক। বিচার বহির্ভূত হত্যার শিকার হোক। দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি দেখে পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথা শুরু হয়েছে। বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে পশ্চিমাদের কোনো পরামর্শের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। এ অনুষ্ঠান শেষে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, সিলেটের মানুষ রক্ষণশীল (কনজারভেটিভ) হলেও মেয়েদের খেলাধুলার ব্যাপারে সবাই উৎসাহ দিয়ে যাচ্ছেন। আগামীতে সিলেট থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।