
নিউজ ডেস্কঃ শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নৌ পুলিশ সদস্যরা। শনিবার (৮ অক্টোবর) রাতে জাজিরার মাঝিরঘাট সংলগ্ন পাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় মৎস অফিসের দু’কর্মচারী আহত হয়েছেন। রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন ইউএনও মো. কামরুল হাসান সোহেল। তিনি বলেন, ৭ থেকে ২৮ অক্টোবর মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে আমাদের একটি দল ট্রলারে করে সন্ধ্যায় মাঝিরঘাট সংলগ্ন পাইনপাড়া এলাকার পদ্মা নদীতে অভিযানে যায়। এ সময় আমার সঙ্গে ছিলেন- কৃষি অফিসার জামাল হোসেন, মৎস অফিসার আবুল বাশার, নৌ-পুলিশের আইসি জহিরুল হকসহ অন্যরা। ঘটনাটি টের পেয়ে জেলেরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় মৎস অফিসের দু’কর্মচারী আহত হয়েছেন। পুলিশ আত্মরক্ষার্থে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ১০ জন হামলাকারী জেলেকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।