
নিউজ ডেস্কঃ ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে বিএনপি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে কাউকে সরিয়ে দিতে হবে না, নির্বাচনই ঠিক করবে কে সরবে আর কে সরবে না বলেও মন্তব্য করেন তিনি। রোববার (৯ অক্টোবর) ওবায়দুল কাদের তাঁর বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে একথা বলেন। ‘শেখ হাসিনা সরকার বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে’, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে পাল্টা প্রশ্ন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, গভীর সমুদ্র বন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এক্সপ্রেসওয়ে, ছয় লেন মহাসড়ক নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সমুদ্র বিজয়, সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান- এসব করে কি সরকার দেশের ক্ষতি করেছে? আসলে এতসব উন্নয়ন ও অর্জনে দেশের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে বিএনপির। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে বাংলাদেশের মর্যাদা এবং বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তা বেড়েছে, যা বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে।