
নিউজ ডেস্কঃ ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, মানব সভ্যতার সুবিস্তৃত ইতিহাসের পথ-পরিক্রমায় নবী করীম (সা.)-এর আবির্ভাব এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা। তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রিয়নবী (সা.)-কে এ পৃথিবীতে প্রেরণ করেছেন, ‘রাহমাতুল্লিল আ’লামিন’ তথা- সারা জাহানের জন্য রহমত হিসেবে। রোববার (০৯ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবের জহুরুল হোসেন চৌধুরী হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে ইসলামে সাম্য ও সম্প্রীতি শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। ফরিদুল হক খান বলেন, আমাদের প্রিয়নবী (সা.) ছিলেন বিশ্ব শান্তি, মানবতা ও কল্যাণের পথ প্রদর্শক। তাঁর মাধ্যমে ইসলাম লাভ করেছে পরিপূর্ণতা। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, মহানবী (সা.)-এর ক্ষমা ও উদারতা, নারী জাতির প্রতি সম্মান, শিক্ষা ও জ্ঞান অর্জনে গুরুত্ব দান, অমুসলিম বা চুক্তিবদ্ধ নাগরিকদের নিরাপত্তা, সুশাসন, মানবিক আচরণ, কল্যাণ ভাবনা, শান্তিও যুদ্ধনীতি, মদীনা সনদ, হুদাইবিয়ার সন্ধি ও রক্তপাতহীন মক্কা বিজয়ের চেতনা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যদি আমাদের কর্ম-পন্থা নির্ধারণ করি, তবে আমাদের প্রিয় মাতৃভূমি হয়ে উঠবে শান্তিময় ও কল্যাণময়। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি হবে আরো সুসংহত ও সুদৃঢ়।