
নিউজ ডেস্কঃ আসন্ন গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট এক হাজার ২৪২ টি সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করবে সংস্থাটি। রোববার (৯ অক্টোবর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ইসির আইডিইএ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কমিউনিকেশন) স্কোয়াড্রন লীডার মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে এবং কক্ষে সিসিক্যামেরা স্থাপন করার উদ্যোগ করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ১২০ টি কেন্দ্রে সিসিক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ১৪৫ টি ভোটকেন্দ্রের অভ্যন্তরে ২ টি এবং প্রতিটি ভোটকক্ষের ভেতর (গোপন বুথের দৃশ্য ব্যতীত) ৯৫২ টি সহ সর্বমোট এক হাজার ২৪২ টি সিসিক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া ভোটের দিন ও ভোটের আগের দিনের দৃশ্য সরাসরি পর্যবেক্ষণের জন্য ঢাকাস্থ নির্বাচন ভবনে একটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।