News71.com
 Bangladesh
 11 Oct 22, 03:13 PM
 1228           
 0
 11 Oct 22, 03:13 PM

গাজীপুরে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৪

গাজীপুরে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৪

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, পুলিশ বাদী হয়ে বিএনপির ৫৪ জন নেতা–কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে। এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে পুলিশের গুলি ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নিহত নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল গাজীপুরে সভা ও শোকমিছিলের আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিকেল চারটায় আলোচনা সভা শুরু হয়। বিকেল পৌনে পাঁচটায় সভা শেষ হওয়ার পর শোকমিছিল বের হয়। রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করার সময় মিছিলে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় কিছু নেতা-কর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপসহ বিএনপির নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা করে পুলিশ। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গাজীপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, ‘পূর্বঘোষিত গাজীপুর জেলা বিএনপির শান্তিপূর্ণ শোকমিছিলে পুলিশের হামলা, এলোপাতাড়ি গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ খুবই দুঃখজনক। এ ধরনের ঘৃণ্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন