
নিউজ ডেস্কঃ নোয়াখালী জেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের আদেশ প্রতিপালনের জন্য নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা-২–এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এমন সিদ্ধান্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানানো হয়। জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের চিঠিটি বিকেল ৩টার দিকে তিনি পেয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী জেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। ১৭ অক্টোবর ওই নির্বাচন হওয়ার কথা ছিল। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির অভিযোগে চেয়ারম্যান পদের প্রার্থী ও জেলা পরিষদের সাবেক সদস্য আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিলেও বহাল থাকে জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত। আলাবক্স তাহের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মনোনয়ন বাতিলের আদেশ স্থগিত করে মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থীকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।