
নিউজ ডেস্কঃ গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে গোপন কক্ষে জালিয়াতি দেখে ভোট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৩ অক্টেবর) বেলা সাড়ে ১২টার দিকে গাইবান্ধা-ফুলছড়ি সড়কের ফুলছড়ি উপজেলা চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। পরে উপজেলা গেট সংলগ্ন সড়কে আঘা ঘণ্টা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় উপজেলা শহরের বিভিন্ন স্থানে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর পাশাপাশি ভোটাররাও অংশ নেন।