
নিউজ ডেস্কঃ নৌ পুলিশের ওপর জেলেদের হামলা বন্ধ করতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আমি শুনেছি, নৌ পুলিশের ওপর হামলা হয়েছে, এটি খুবই দুঃখজনক। এ ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ। এটি থেকে জেলেদের বিরত থাকতে হবে। ইলিশ উৎপাদনে আমরা বিশ্বের মধ্যে এক নম্বর স্থানে আছি। সরকারের পক্ষ থেকে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধি করায় আমরা এ অবস্থানে আসতে পেরেছি। মাছের উৎপাদন বাড়লে জেলেদের আয় রোজগার বাড়বে, সেই সঙ্গে উন্নত হবে জীবনমান। তাই সরকারের পক্ষ থেকে ইলিশের অভয়াশ্রম এলাকায় যে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা জেলেদের মানতে হবে এবং সাগর থেকে মিঠা পানিতে আসা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে, যোগ করেন মন্ত্রী। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে নৌ পুলিশ কর্তৃক আয়োজিত মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, একজন কৃষক উৎপাদনের জন্য যেমন তিন থেকে চার মাস সময় নেন। জেলেদেরও ইলিশকে বড় হওয়ার সুযোগ করে দিতে হবে। বছরে দুই বার নিষেধাজ্ঞা মানলে বাকি সময়টা জুড়ে ইলিশ ধরতে পারবেন।