
নিউজ ডেস্কঃবৈশ্বিক মন্দা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক হওয়ার পাশাপাশি সম্ভাব্য দুর্ভিক্ষের কবল থেকে বাঁচতে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেড ও মেকানাইজড ইউনিটসমূহের পতাকা-উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সাভার সেনানিবাসে সিএমপিসিঅ্যান্ডএস প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এদিন (বৃহস্পতিবার) সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড, ১৫ ইস্ট বেঙ্গল (মেকানাইজড), ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড), ৯ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (মেকানাইজড) এবং ১১ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (মেকানাইজড) পতাকা উত্তোলন করা হয়।সরকার প্রধান শেখ হাসিনা বলেন, এখন থেকে আমাদের নিজেদের অত্যন্ত সচেতন থাকতে হবে। যেহেতু আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ২০২৩ হবে সারা বিশ্বে দুর্ভিক্ষের সময়। বাংলাদেশ যেন দুর্ভিক্ষকবলিত না হয় তাই আমাদের নিজেদের ভূমিতে নিজেদের উৎপাদন করে, নিজেদের সঞ্চয় এবং কৃচ্ছতা সাধন করে আমাদের চলতে হবে। আমি আশা করি, সবাই সেভাবে চলবেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য ১ ইঞ্চি জমিও অনবাদি থাকবে না। প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং যার যেখানে জমি আছে সেটাই চাষ করতে হবে, ফসল উৎপাদন করতে হবে, সেটা ফল-তরকারি, মাছ-মুরগি যাই হোক।