
নিউজ ডেস্কঃ গাজীপুরে সিএনজি পাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের ঘটনায় আতিকুল ইসলাম মিঠু (২৫) নামে একজন মারা গেছেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মিঠুর বড় ভাই মো. ইমন জানান, তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়। বাবা মৃত ফজলু মিয়া। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে গাজীপুরের থাকতেন মিঠু। একটি সিএনজি পাম্পে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তবে তার সেই পামটি বন্ধ হয়ে গেছে। বর্তমানে ওই পাম্পে কেন গিয়েছিলেন তা জানাতে পারিনি বড় ভাই ইমন। এরআগে বৃহস্পতিবার গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহিদ ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যান সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্ফোরণ হয়। এতে ৫ জন দগ্ধ হন। পরে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা বাকি ৪ জন হলেন- আনোয়ারুল ইসলাম (২৭), আলআমিন (২৫) সিরাজুল ইসলাম টুটুল (২৫) ও পারভেজ (৩৩)।