
নিউজ ডেস্কঃ আশ্বিন চলে গেল। হেমন্তের শুরুতে এসে রাতে মিলছে হিমেল হাওয়া। দিনের বেলাও ত্বকে পড়ছে টান। যেন কড়া নাড়ছে শীত। ঋতুর হিসেবে শীতকাল আসতে আরও দু’মাস বাকি। তবে আবহাওয়া অফিস বলছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু তথা বর্ষা দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। আর সেই স্থানে এসে পূরণ হওয়ার অপেক্ষায় রয়েছে উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু, যা হিমালয় থেকে নিয়ে আসছে ঠাণ্ডা বাতাস। ফলে রাতের শীতের আভাস মিলছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে সকাল-বিকেল কুয়াশাও পড়তে শুরু করেছে। রাতে গায়ে নিতে হচ্ছে অপেক্ষাকৃত মোটা কাপড়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এ অবস্থায় রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।