News71.com
 Bangladesh
 18 Oct 22, 01:46 PM
 1984           
 0
 18 Oct 22, 01:46 PM

ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ১২ কি.মি. ছাড়িয়েছে।।

ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ১২ কি.মি. ছাড়িয়েছে।।

নিউজ ডেস্কঃ ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের ভুলতা এলাকা থেকে যাত্রামুড়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রাবাহী ও মালবাহী বিভিন্ন ধরনের যানবাহনের শ্রমিক ও যাত্রীরা। রীনা ইসলাম নামে এক অভিভাবক জানান, তার মেয়ে সোয়াদা ইসলাম যাত্রামুড়া এখলাস উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করে। বিকেল ৩ টার দিকে মেয়েসহ শিক্ষার্থীদের নিয়ে স্কুলবাসে উঠেছেন ভুলতায় নিজ নিজ বাড়িতে ফেরার জন্য। বিকেল সাড়ে ৫টা বেজে গেলেও যানজটের কারণে তারা বাড়ি ফিরতে পারেনি। প্রায় দিনই যানজটের কবলে পড়ে শিক্ষার্থীরা সকালে সঠিক সময় স্কুলে যেতে পারে না। সড়কটি সব সময়ই যাতে যানজটমুক্ত থাকে সে ব্যপারে প্রশাসনের পদক্ষেপ নেওয়া দরকার। গাউছিয়া মার্কেটের কয়েকজন ব্যবসায়ী জানান, প্রতি সোমবার ও মঙ্গলবার গাউছিয়া কাপড়ের বাজারের পাইকারি হাট। ফলে এই দুই দিন এখানে হাজার হাজার ব্যবসায়ী আসেন বেচা-কেনা করতে। সকাল থেকে যানজট থাকার কারণে সোমবার ক্রেতা ছিল অনেকটা কম। ক্রেতাদের মধ্যে অনেকেই জানিয়েছেন তারা ঢাকা-সিলেট মহাসড়কে যানজটে আটকা পড়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার ক্রেতা-বিক্রেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন