
নিউজ ডেস্কঃ এক জেলেকে আটকের ঘটনায় চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় জেলেদের সঙ্গে হরিণাঘাট নৌ-ফাঁড়ির পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ সময় জেলেদের সঙ্গে স্থানীয়রা একজোট হয়ে নৌ-পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে মাঝ নদী থেকে মাছসহ সোলেমান দর্জি (৪০) নামে এক জেলেকে আটকের দাবি করেছে নৌ ফাঁড়ির পুলিশ। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসার সময় স্থানীয় একটি মহল নৌ-পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন- হরিণাঘাট পুলিশ ফাঁড়ির এসআই বাবুল বালা, ফখরুল, কনস্টেবল যোবায়ের, হানারচর ইউপি সদস্য আবুল বাশার, স্থানীয় শাহজালাল, তামিম, আলাউদ্দিন, ইসমাইল, কাউছার ও সোহাগ। আটককৃতরা হলেন- সলেমান দর্জি (৩৫), সফিক হাওলাদার (৩২) ও মো. সোহাগ খান (২৪)। এদিকে হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ি ঘেরাও নিয়ে স্থানীয়রা জানান, দাদনের ৫ লাখ টাকা নিয়ে ট্রলারচালক সোলেমান এলাকায় আসার সময় তার কাছ থেকে সেই টাকা ছিনিয়ে নেয় হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। শুধু তাই নয়, তাকে ব্যাপক মারধরও করা হয়েছে।