News71.com
 Bangladesh
 18 Oct 22, 10:26 PM
 143           
 0
 18 Oct 22, 10:26 PM

বঙ্গবন্ধুর রক্ত চিরতরে মুছে ফেলতেই শেখ রাসেলকে হত্যা করা হয়।।আইনমন্ত্রী

বঙ্গবন্ধুর রক্ত চিরতরে মুছে ফেলতেই শেখ রাসেলকে হত্যা করা হয়।।আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃবঙ্গবন্ধুর রক্ত চিরতরে মুছে ফেলতেই শেখ রাসেলকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তিনি (শেখ রাসেল) বেঁচে থাকলে আজ হয়তো বঙ্গবন্ধুর মতই বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে উৎসর্গ করতেন, বিশ্বের শোষিত মানুষের নেতা হতেন। তাকে নিয়ে দেশ ও জাতি গর্ববোধ করতেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতার কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের স্মৃতির স্মরণে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ওয়েব সাইটে শেখ রাসেল শিশু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  শেখ রাসেল শিশু কর্নারে শেখ রাসেল দিবস উদযাপন সংক্রান্ত, শেখ রাসেল পদক- ২০২২, শেখ রাসেল দিবস উদযাপন নীতিমালা-২০২২, শেখ রাসেল পদক নীতিমালা- ২০২২ এবং শেখ রাসেল ফটো গ্যালারিসহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত আছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শেখ রাসেল এক সাহসী, প্রাণবন্ত সত্ত্বার নাম। মানবতার এক ব্যতিক্রমধর্মী প্রতীক শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ১০ বছর বয়সে শিশু রাসেলকে তাঁর বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করেছে ঘাতকরা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত ঘটনা হলো এই হত্যাকাণ্ড, যা করতেও নির্মম ঘাতকরা কুণ্ঠিত হয়নি সেদিন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন