News71.com
 Bangladesh
 19 Oct 22, 09:48 PM
 115           
 0
 19 Oct 22, 09:48 PM

যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় এফবিসিসিআই।।

যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় এফবিসিসিআই।।
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি চায় দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। এ বিষয়ে কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই)কে সহায়তা করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। ঢাকায় সফররত সিবিআই সভাপতি ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের আচার্য লর্ড করণ বিলিমোরিয়া, সিবিই, ডিএল, এফসিএ’র সৌজন্যে মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই আয়োজিত নেটওয়ার্কিং ডিনারে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। এছাড়া বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদাপর্ণের পরেও যুক্তরাজ্যের বর্তমান বাণিজ্য সহযোগিতাগুলো অব্যাহত রাখার ব্যাপারে পদক্ষেপ নিতে লর্ড করণ বিলিমোরিয়ার প্রতি আহ্বান জানান জসিম উদ্দিন। দুদেশের বাণিজ্য-বিনিয়োগ বাড়ানো ও দক্ষতা উন্নয়নে এফবিসিসিআই ও সিবিআই’র মধ্যে সমঝোতা চুক্তি সইয়ের প্রস্তাবও দেন তিনি। বর্তমানে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৫.৪৬ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরে দেশটিতে রপ্তানি হয়েছিল ৪.৮৩ বিলিয়ন ডলারের পণ্য, বিপরীতে আমদানি ছিল ০.৬৩ বিলিয়ন ডলার।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন