
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অবস্থা হয়েছে উড়ন্ত তেলাপোকা আর বর্ষাকালের ব্যাঙের আওয়াজের মতো। আওয়াজ দিয়ে লাভ নেই। বিএনপিকে মোকাবিলা করতে আওয়ামী লীগ লাগবে না, যুবলীগ একাই যথেষ্ট। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত নির্মম হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের প্রধান কুশিলব ছিলেন খন্দকার মোস্তাক এবং তার প্রধান সহযোগী ছিলেন খুনি জিয়াউর রহমান। আজকে জিয়াউর রহমানের দল মানবাধিকারের কথা বলে, জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে থামেনি। নিজের ক্ষমতাকে নিষ্কণ্টক করতে হাজার হাজার সেনা কর্মকর্তা ও জওয়ানকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। তিনি বলেন, এভাবে যে মানবাধিকার লঙ্ঘন করেছে, তার দল বিএনপি আজ মানবাধিকারের কথা বলে। বিএনপির সময় আওয়ামী লীগের সমাবেশে বোমা ফাটানো হয়েছে। কিন্তু আজকে আওয়ামী লীগের সময় বিএনপি বিভিন্ন বিভাগে, জেলায় সমাবেশ করছে বিনা বাধায়। এটাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার রাজনৈতিক দর্শন।