
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শ্রম অধিকার ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করবেন না। বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে তিনি এ কথা বলেন। আইএলও-বাংলাদেশ সরকার পথ চলার ৫০ বছর পূর্তিতে এ আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএলও। ড. মোমেন বলেন, আইএলও দীর্ঘদিন বাংলাদেশের সঙ্গে কাজ করছে। বাংলাদেশের অভিজ্ঞতা তারা নিশ্চয়ই কাজে লাগাতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকের যেকোনো ইস্যুতে লেবার মিনিস্ট্রিকে যুক্ত করে আপনাদের কাজ করা উচিত। একইভাবে স্থানীয় বাস্তবতা অনুযায়ী সরকারের সঙ্গে কাজ করতে হবে। শ্রম অধিকার ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার জন্য আইএলও’র প্রতি আহ্বান জানান তিনি। সেমিনারের বিশেষ অতিথি আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির বলেন, আগামী ২০ বছরের মধ্যে আমরা সব প্রকার শ্রম অধিকার বাস্তবায়ন করতে সক্ষম হবো বলে আশা করছি। তিনি বলেন, অপ্রাতিষ্ঠানিক শ্রম খাত দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের শ্রম খাতে ৮৫ শতাংশই অপ্রাতিষ্ঠানিক খাতে সম্পৃক্ত। এ খাতের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান মইনুল কবির।