
নিউজ ডেস্কঃ বাজারে গেলে মনে হয় না দেশে কোনো সরকার আছে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, আজ দেশের অবস্থা সবচেয়ে খারাপ। এ খারাপ অবস্থা অতিক্রম করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বুধবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। ন্যাপ নেতারা বলেন, সরকার কোনোভাবেই দেশ পরিচালনা করতে পারছে না। বাজারের আগুনে প্রতিদিন কোটি কোটি মানুষ পুড়ে মরছে। দেশে যে কোনো সরকার আছে বাজারে গেলে সেটি মনে হয় না। ক্ষমতায় থাকতে ভোটের দরকার নেই, তাই সরকার যা খুশি, তাই করে দেশকে গজবের মধ্যে ফেলে দিয়েছে। তারা বলেন, প্রচণ্ড অর্থ সংকটে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। দৈনিক ছয় ঘণ্টাও লোডশেডিং হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। এমন পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বাড়ি নির্মাণে ৪৩ কোটি টাকা ব্যয় কতটুকু যৌক্তিক সিদ্ধান্ত? ন্যাপ নেতারা বলেন, এখন মানুষের মনে দুশ্চিন্তা, তাহলে কী ৭৪ এর মতো দুর্ভিক্ষ হবে? বাজারে গেলে দেখবেন, টাকা দিলেই পণ্য পাচ্ছেন। তার মানে আমাদের উৎপাদন ঠিক আছে। সমস্যাটা হলো মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। গত ৮ মাসে ৪০ থেকে ৫০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে।