
নিউজ ডেস্কঃ বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার’ ৭ জন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে তাদের গ্রেফতারের বিষয়টি জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি জানান, বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠনের ৭ জন ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ জনসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর আগে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে ধারাবাহিকভাবে অভিযান চলার কথা জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাহাড়ে যৌথবাহিনীর জোরালো অভিযান চলছে। অপারেশনে বেশ অগ্রগতি হয়েছে। আমরা বেশকিছু দূর পর্যন্ত চলে এসেছি। আশা করছি, দ্রুত সময়ে কয়েকজনকে আইনের আওতায় আনতে পারব।