নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. বদিউল আলম পাভেল বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। রাষ্ট্রের কী করা উচিত তা তুলে ধরে গণমাধ্যম। এটি বড় প্রেসার গ্রুপ। নিজের মেধা ও যোগ্যতা দিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন তপন চক্রবর্তী। এটি রামুবাসীর জন্য বড় আনন্দের। শুক্রবার (২১ অক্টোবর) সার্কিট হাউসে রামু সমিতির সভাপতি, ডেপুটি এডিটর তপন চক্রবর্তী সিইউজের সভাপতি নির্বাচিত হওয়ায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রামে অবস্থানরত রামুর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। রামু সমিতির সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক হামিদ উল্লাহ বলেন, সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। দৈনিক আজাদীর রামু প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর আজকের কাগজ, আমাদের সময়ে সাংবাদিকতা করেন চট্টগ্রাম ব্যুরোতে। এখন তিনি বাংলানিউজের ডেপুটি এডিটর। এর আগে তিনি বিএফইউজের যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। সংবর্ধিত অতিথি সিইউজে সভাপতি তপন চক্রবর্তী বলেন, রামু সমিতির এ ভালোবাসা চিরদিন মনে থাকবে। আমরা রামুবাসীর সুখে দুঃখে আছি।