
নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে পাঁচ জেলেকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই সময় মাছ ধরার দুইটি নৌকা, তিন হাজার মিটার জাল ও ৫০ কেজি মাছ জব্দ করা হয়। শুক্রবার (২১ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পযর্ন্ত উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ এলাকায় বড় ফেনী নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী ও মৎস্য বিভাগের কর্মকর্তা রা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বড় ফেনী নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষের জন্য নিষিদ্ধ সময়ে নদীতে জাল ফেলে মাছ ধরার অভিযোগে আটক জেলেদের কাছ থেকে তিন হাজার হাজার মিটার অবৈধ জাল, দুটি নৌকা ও ৪০ কেজি ইলিশসহ ১০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অনীক চৌধুরী আটক জেলেদের দণ্ড দেন। দণ্ড প্রাপ্ত পাঁচ জেলে হলেন, মো. স্বপন (২৫), মো. কোরবান আলী (১৮), মো. সোহাগ (৩০), হাসান মিয়া (২৮) ও মো. মোস্তফা মিয়া (৩০)। তারা সবাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর এলাকার বাসিন্দা। তূর্য সাহা আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্নে করতে গত ৬ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে দেশের সব নদী ও সাগরে টানা ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।