
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার দুপ্তারা ইউনিয়নে ৮নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভাকে কেন্দ্র করে শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর পাঁচগাও ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন ৮ জন। আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- উপজেলা বিএনপি নেতা খন্দকার জিয়াউল আলম বেদন, মো. মাসুম, আইবুর রহমান, হারিস মিয়া, সাখাওয়াত, রেজান উদ্দিন, করিমসহ ৮ জন। উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া জানান, বিএনপি নেতা গোলজারের বাড়িতে ঘরোয়া ভাবে একটি পরিচিত সভা চলছিল। ওই অনুষ্ঠান শেষে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা হয়।