
নিউজ ডেস্কঃ নভেম্বরে শীতের শুরুতে লোডশেডিং কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে বেসরকারি সংস্থা অক্সফাম আয়োজিত ‘এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ পরিস্থিতি সাময়িক। আশা করছি, নভেম্বরে পরিস্থিতির উন্নতি হতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন উন্নত প্রযুক্তি ও ব্যাপক বিনিয়োগ। উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রযুক্তি হস্তান্তরে দায়িত্বশীল অবদান রাখতে হবে। বিকল্প উৎস হতে বিদ্যুৎ উৎপাদনকে সরকার সব সময় উৎসাহিত করে। প্রতিমন্ত্রী জানান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) মাধ্যমে নাবায়নযোগ্য জ্বালানির দক্ষ ব্যবস্থাপনার পদক্ষেপ নেওয়া হয়েছে। নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিক মডেল দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির সমাধান আনতে হবে। অন্য দেশের মডেল অনুসরণ করে সমাধান পাওয়া যাবে না।