
নিউজ ডেস্কঃ অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ না করলে ২১ নভেম্বর থেকে রেল অবরোধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী (টিএলআর) শ্রমিক পরিষদ। অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৩ দিন ধরে চলমান আন্দোলন ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে শ্রমিক পরিষদ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী (টিএলআর) শ্রমিক পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী (টিএলআর) শ্রমিক পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, গত ১৩ দিন ধরে কর্মবিরতি পালন করলেও আশার কথা কেউ বলেননি। আমরা সবাই রেল পরিবারের সন্তান কিন্তু আমাদের কথা শোনা হয়নি। তিনি বলেন, ৭ হাজার শ্রমিকের জন্যে খরচ হয় ৬০ কোটি টাকা। বাংলাদেশ রেল থেকে আমরা মাসিক বেতন পাই, মাঝেমধ্যে এক-দুই মাস বেতন পেতে দেরি হলেও আমরা রাস্তায় নামিনি। এমনকি দুই ঈদের বোনাসও পাইনি। তারপরও কোনো ধর্মঘট করিনি। তিনি আরও বলেন, আমাদের শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা পাঁচ মাস বেতন পাই না। তিন মাস আমার মায়ের ওষুধ কিনে দিতে পারছি না। আমাদের দেখতে কোনো রেল কর্মকর্তা আসেননি।