
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের সঙ্গে তাল মিলেয়ে শিক্ষাব্যবস্থাকে রূপান্তর করা হচ্ছে। আগামী বছর নতুন সিলেবাসের বই পুরোপুরি পাওয়া না গেলেও ২০২৪ সালে নতুন কারিকুলামে পাঠদান করা হবে।বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় যশোরের সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, যারা গণতন্ত্রের কথা বলে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তাদের রুখে দিয়ে বাঙালি জাতি শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলার দিকে ধাবিত হবে। যশোরের শিক্ষাব্যবস্থায় শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন পরিবারের অবদানের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের শিক্ষাখাতকে এগিয়ে নিতে এই শহীদ পরিবারের সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধে নিহত শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন শুধু স্বাধীনতাই এনে দেননি, লাখো মানুষের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- দৈনিক আজকের পত্রিকার উপসম্পাদক ও শহীদ সিরাজুদ্দীনের ছেলে ডক্টর জাহিদ রেজা নূর।