নিউজ ডেস্কঃ নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজ দেশের অর্থনীতি আওয়ামী লীগের কবলে পড়ে ধ্বংসের দ্বারপ্রান্তে। ভোট চোরেরা হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নামে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। যার ফলে বিদ্যুৎ উৎপাদন ও বিপণন ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত। আগামীতে মোমবাতি বা হারিকেনের আলোতে উন্নয়নের আশার গল্প শুনতে হবে।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরের ষোলশহর ২নম্বর গেট এলাকায় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শাহাদাত হোসেন বলেন, যুবদল জাতীয়তাবাদী দলের সবচেয়ে শক্তিশালী অঙ্গসংগঠন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া যুবদল আজ সময়ের সেরা সুশৃঙ্খল সংগঠনে পরিণত হয়েছে। আজ থেকে ৪৪ বছর আগে হতাশাগ্রস্ত যুবসমাজকে সমাজের মূল ধারায় এনে প্রত্যেক স্তরে সৎ ও মেধাবী যুবকদের নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই যুবদলের জন্ম। হাসিনা পতন আন্দোলনে প্রধান হাতিয়ার হবে জাতীয়তাবাদী যুবদল। কোনো অপশক্তিই হাসিনার পতন ঠেকাতে পারবে না।