
নিউজ ডেস্কঃ ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে ১ নভেম্বর থেকে ৩০দিনের বিশেষ মশা নিধন কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে ২য় পরিষদের ১৭তম কর্পোরেশন সভায় তিনি এসব কথা জানান। আতিকুল ইসলাম বলেন, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মাঠে থাকবেন। মাসজুড়ে নিরবিচ্ছিন্নভাবে মশা নিধনে কাজ করবেন। অসময়ে ঝড় বৃষ্টির ফলে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের মাঠে কাজ করতে হবে। মশার প্রজননক্ষেত্র খুঁজে বের করে ধ্বংস করতে হবে। নগরবাসীকে সচেতন করতে হবে। এডিসের পাশাপাশি কিউলেক্স মশাও নিয়ন্ত্রণে রাখতে হবে। কোথাও পানি বা ময়লা জমতে দেওয়া যাবে না। ময়লা বা পানি জমে থাকলে অথবা এডিসের লার্ভার উৎস পেলে কাউন্সিলররা ছবি তুলে লোকেশন উল্লেখ করে ডিএনসিসির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। ছবি ও লোকেশন দেখে সংশ্লিষ্ট বিভাগ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।