
নিউজ ডেস্কঃ সারা দেশে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে বিভিন্ন স্থানে গণপরিবহন ধর্মঘট নিয়ে মুখ খুলেছেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। ধর্মঘটের প্রতিবাদ জানিয়ে মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা জানান, তারা এই ধর্মঘটের পক্ষে নেই। তাদের সিদ্ধান্তে ধর্মঘট হচ্ছে না। সরকার ও প্রশাসন চাপ দিয়ে ধর্মঘটের ঘটনা সৃষ্টি করছে। মালিক ও শ্রমিক নয়, সরকারই এর সঙ্গে সম্পৃক্ত। দুই সংগঠনের নেতারা জানান, মূলত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা জোরপূর্বক পরিবহন বন্ধ রাখছেন যাতে সমাবেশে বিএনপির লোকজন কম আসে। সরকারের ইন্ধনে এই ধর্মঘটে তাদের লোকসান হচ্ছে। রাজনৈতিক কর্মসূচির কারণে তাদেরও রাজনৈতিক তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। শ্রমিকরাও আছেন কষ্টে। এক শ্রমিক নেতা জানান, তাদের ফেডারেশনে ‘দল যার যার, পরিবহন মালিক এক কাতার’ স্লোগান রয়েছে। তাই ইচ্ছা করলেই আওয়ামী লীগ সমর্থিত পরিবহন মালিকরা এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। শুধু সরকারের বাধার কারণে তাদের বাধ্য করা হচ্ছে। এর সঙ্গে মালিক কিংবা শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বাংলানিউজকে বলেন, এ ধর্মঘট মালিক ও শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট কোনো বিষয়ে নয়। সরকার জোর করে মালিকদের নামে এটা করাচ্ছে। গণবিরোধী সরকার চক্রান্তমূলকভাবে গণপরিবহনের মালিকদের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। সরকার গণপরিবহন মালিকদের ভাবমর্যাদা যেমন ক্ষুণ্ণ করেছে, তেমনি মালিকদের বিপদের মুখে ফেলে দিয়েছে।