নিউজ ডেস্কঃ ডিএনসিসিতে নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প ইনস্টিটিউট মিলনায়তনে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মেয়র আতিক বলেন, ডিএনসিসিতে নতুনভাবে সংযুক্ত ওয়ার্ডে মাস্টারপ্ল্যান করে উন্নয়নকাজ শুরু হয়েছে। এসব এলাকায় সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। নতুন এলাকায় সিভিক সেন্টার করা হবে। সেখানে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। অডিটোরিয়াম হবে। সব বয়সের মানুষ সেখানে আসবে। খেলার মাঠ ও পার্ক থাকবে। বিনোদন কেন্দ্র থাকবে। পরিকল্পিতভাবে সাজানো হবে। তিনি আরও বলেন, শুধু বিল্ডিং নয়, মনের উন্নয়ন ঘটাতে হবে। ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ, সাংস্কৃতিক কেন্দ্র দরকার। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি মাঠ, পার্ক ও সাংস্কৃতিক কেন্দ্র করার।