নিউজ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় এবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সংস্থাটির ৫ কর্মকর্তা-কর্মচারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন- আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম। শুক্রবার (২১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন দক্ষিণখান থানার জিডি মূলে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ চলাকালে তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা হয়। প্রথম দফা রিমান্ড শেষে শনিবার তাদের আদালতে হাজির করে এই মামলায় গ্রেফতার দেখানোসহ ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।