
নিউজ ডেস্কঃ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সনদ নিয়েই যাতে শিক্ষা জীবন শেষ না হয় সেদিকে আমাদের শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে। সনদ পেয়েছি মানেই শিক্ষা জীবন শেষ নয়। পেশার উন্নয়নে, নিজের ভিত্তির উন্নয়নে প্রতিনিয়তই শিখতে হবে৷ রোববার (৩০ অক্টোবর) সকালে নগরের টাইগারপাসে নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। নওফেল বলেন, প্রতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর কারিগরি শিক্ষাটাও আমাদের আয়ত্তে নিতে হবে। নিজেকে কর্মদক্ষ করে গড়ে তুলতে শিক্ষা চর্চার বিকল্প নেই। আমাদের উচ্চ শিক্ষার প্রয়োজন। আমাদের শিক্ষার্থীরা এখান থেকে সনদ নিয়ে যাতে এটাকে শেষ মনে না করে। তারা যাতে উচ্চ শিক্ষায় নিজেদের সম্পৃক্ত রাখে। তিনি আরও বলেন, ইংরেজি একটি খুবই গুরুত্বপূর্ণ ভাষা। বিদেশে উচ্চ শিক্ষা পর্যায়ে যাওয়ার জন্য এ ভাষার গুরুত্ব রয়েছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হলে নানান ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। আমাদের শিক্ষার্থীরা গণিত সহ নানান বিষয়ে ভালো জ্ঞান রাখে কিন্তু সেটি ভালো করে উপস্থাপন করতে পারে না। তাই আমরা মৌলিক বিষয়গুলোর উন্নয়নে মাল্টি স্কিলের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করছি।