News71.com
 Bangladesh
 31 Oct 22, 10:06 AM
 140           
 0
 31 Oct 22, 10:06 AM

বঙ্গবন্ধুর কর্মী হিসেবে সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই।। পেয়ারুল 

বঙ্গবন্ধুর কর্মী হিসেবে সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই।। পেয়ারুল 

নিউজ ডেস্কঃ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, চট্টগ্রামকে প্রাচ্যের রানি হিসেবে সাজাতে চাই। তবে সেক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের বিশাল আয়তনের জেলার মধ্যে চট্টগ্রাম অন্যতম। এই বিশাল আয়তনের চট্টগ্রামকে শুধু ৩-৪ কোটি টাকার এডিবি সহায়তা দিয়ে উন্নয়ন কীভাবে সম্ভব?  চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং প্রশাসক এমএ সালামের কথা উল্লেখ করে পেয়ারুল ইসলাম বলেন, চট্টগ্রামে প্রায় এক হাজার কোটি টাকার উন্নয়নকাজ করেছেন। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে বছরে এক হাজার কোটি টাকার কাজ করতে চাই। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন ‘গ্রাম হবে শহর’ – এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর একজন কর্মী হিসেবে সবাইকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে চাই।     রোববার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বৈশ্বিক করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের মনে সাহস জুগিয়ে যাচ্ছেন। বিভিন্ন অনাবাদী ও পতিত জমির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করছেন। যাতে করে দেশের মানুষ সংকটকালীন নিজেদের সামাল দিতে পারেন। চট্টগ্রামের উন্নয়নের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরের আয় থেকে শতকরা এক ভাগ, ভূমি উন্নয়ন কর থেকে এক ভাগ এবং চট্টগ্রামের ভূমি ট্রান্সফারের আয়ের শতকরা দুই ভাগ প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন