
নিউজ ডেস্কঃ কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। এ ঘটনায় আহত রয়েছেন আরও দুইজন। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তোদের মৃত্যু হয়। এর আগে বেলা পৌনে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে অটোরিকশাচালক হাবিবুর রহমান (২২), চান্দিনার মাধাইয়া এলাকার তন্বী (২০), তার মেয়ে মুনতাহা জান্নাত (৬ মাস) এবং তন্বীর বোন দেবিদ্বারের বাগমারা গ্রামের আবু ইউসুফের স্ত্রী রেজিয়া (৪৫)। আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা জানান, কুমিল্লামুখী একটি অটোরিকশাকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় গতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান।