
নিউজ ডেস্কঃ তিন নভেম্বর জেল হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবিতে স্পিকারকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ সংলগ্ন গোল চত্বর থেকে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করেন সোহেল তাজ। সঙ্গে ছিলেন গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে আসা তার কয়েকশ’ নেতাকর্মী। তাদের হাতে ছিল বিভিন্ন ব্যানার-ফ্যাস্টুন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে সোহেল তাজ বিকাল ৪টার দিকে স্পিকারের কাছে স্মারকলিপি দিতে দক্ষিণ গেট দিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন। বিকাল সাড়ে ৪টার দিকে সংসদ ভবন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের জানান, স্পিকারের পক্ষে তার পিএস কামাল বিল্লা স্মারকলিপিটি গ্রহণ করেছেন। এসময় সংক্ষিপ্ত সমাবেশ শেষে সোহেল তাজ বলেন, ‘আমার এই তিন দাবি ন্যায্য ও যৌক্তিক এবং এটা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবার প্রাণের দাবিI আশা করছি এটা নিয়ে সংসদে আলোচনা হবে এবং মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা এই তিন দাবি বাস্তবায়নে অচিরেই পদক্ষেপ নেবেন।’৩ নভেম্বর জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি ছাড়াও সোহেল তাজের অন্য দুটি দাবি হলো- মুজিবনগর সরকার গঠনের দিন ১০ এপ্রিলকে 'প্রজাতন্ত্র দিবস' হিসেবে ঘোষণা করা এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ সব ব্যক্তির অবদান, তাদের জীবনী, মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা।