
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে ত্রিপক্ষীয় চুক্তি থেকে রাশিয়া সরলেও অনড় রয়েছে তুরস্ক। রাশিয়াকেও তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে কৃষ্ণ সাগর উপকূলের দেশটি। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংযুক্ত অঞ্চল ক্রিমিয়ায় কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ইউক্রেন ড্রোন হামলার করেছে অভিযোগ তুলে গত শনিবার কিয়েভের সঙ্গে করা শস্য চুক্তি স্থগিত করে মস্কো। তারপরও ওই দিনই ৩ লাখ ৫৪ হাজার ৫০০ টন শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে। গত আগস্টে চুক্তির পর একদিনে সর্বোচ্চ রপ্তানির চালান এটি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ‘রাশিয়া একটু দ্বিধান্বিত আচরণ করছে, কারণ শস্য চুক্তি থেকে তারা সমান সুবিধা তুলে নিতে পারেনি। তারপরও মানবতার সেবায় আমাদের সংকল্পে আমরা অনড়।’