
নিউজ ডেস্কঃ কৃষিতে অভূতপূর্ব উন্নতি হয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা সবুজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমরা ১০টি শষ্য উৎপাদন করছি। চালে তৃতীয়, আলুতে সপ্তম। আমরা খুবই ভালো করছি। মঙ্গলবার (০১ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাপানের কৃষিযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইয়ানমার-এসিআই মোটরস্ এর যৌথ উদ্যোগে কৃষিপ্রযুক্তি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকার শুরু থেকেই কৃষিখাতে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা পুষ্টিসমৃদ্ধ ও নিরাপদ খাদ্য উৎপাদনে কাজ করে যাচ্ছি। মন্ত্রী বলেন, জাপান আমাদের উন্নয়নের অংশীদার। বাংলাদেশ স্বাধীন হওয়ার শুরুর দিকেই জাপান আমাদের স্বীকৃতি দিয়েছে। জাপান আমাদের তখন থেকেই প্রকৃত বন্ধু, বিশ্বস্ত বন্ধু। জাপান বাংলাদেশে বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত, মাতারবাড়ি, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালসহ অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে। সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্যোগ ও উন্নয়নে জাপান বাংলাদেশকে আর্থিক ও অনার্থিক সহায়তা করেছে। বাংলাদেশের রাজনৈতিক ইস্যু গুলোতেও তারা কখনো প্রভাব বিস্তার করেনি।