
নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হচ্ছে। হামলায় জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনায় বুধবার (৩ নভেম্বর) রাতেই পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হচ্ছে ডিবিকে। ওই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বুধবার (০২ নভেম্বর) বিকেলে পল্টনে হামলার শিকার হন সাবেক বিচারপতি মানিক। মতিঝিল থেকে কারওয়ানবাজার যাওয়ার পথে পল্টনে বিএনপির মিছিল থেকে এ হামলা চালানো হয়।