
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী। বুধবার (২ নভেম্বর) এ দুই উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। চিলমারী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. রুকুনুজ্জামান শাহীন। প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনি আনারস প্রতীক নিয়ে ১৬ হাজার ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো. সোলায়মান আলী সরকার নৌকা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩৬২ ভোট। রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমান আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান বঙ্গবাসী দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৫৯২ ভোট। আর নৌকা প্রতীক নিয়ে মো. রেজাউল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৪১৪ ভোট। বুধবার সকাল ৮টায় এই দুই উপজেলায় শুধুমাত্র উপজেলা চেয়ারম্যান পদে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রৌমারী উপজেলায় মোট প্রার্থী ছিলেন ৭ জন ও চিলমারী উপজেলায় প্রার্থী ছিলেন ৫ জন।