
নিউজ ডেস্কঃ পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে অফিসের চেয়ারসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করা হয়েছে। যুবলীগ সভাপতির নেতৃত্বে হামলা চালিয়ে এ ভাঙচুরের অভিযোগ ওঠেছে। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পুরো ঘটনা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ফেসবুকে লাইভ করেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিওটি ভাইরাল হয়েছে। তবে হামলার বিষয়ে যুবলীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পটুয়াখালী জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, ‘আগামী ৫ নভেম্বর বরিশালের মহাসমাবেশ বানচাল করতেই পরিকল্পিতভাবে জেলা যুবলীগের সভাপতির নেতৃত্বে এ হামলা চালিয়ে অফিস ভাঙচুর করা হয়। এ সময় অফিসে থাকা ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এর আগে শহরের স্বনির্ভর সড়কে জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টির ব্যবসায়িক কার্যালয়েও হামলা চালানো হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ এদিকে হামলার পর পরই বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি থেকে দ্রুত এ হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ না করলে দাত ভাঙ্গা জাবাব দেয়ার হুঁশিয়ারি জানানো হয়।