
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, জাপার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জাপার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বোকার রাজ্যে বাস করেন। জাপা এখন অনেক ঐক্যবদ্ধ, সক্রিয় ও শক্তিশালী। জাপা দেশের মানুষের ভালোবাসার রাজনৈতিক শক্তি। দেশের মানুষ এখন জাপার ওপর আস্থা রাখেন। তৃণমূল মানুষের আস্থার নাম জাপা। তাই জাপার অগ্রযাত্রা রোধ করা অসম্ভব। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মহানগর উত্তরের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ জানে বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে মুসলিম লীগ বানাবে। আর বিএনপি জানে বিএনপি ক্ষমতায় যেতে না পারলে তারা ধ্বংস হয়ে যাবে। তাই আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতার জন্য দেশব্যাপী মারামারি শুরু করেছে। ক্ষমতার লোভে ভবিষ্যতে হয়তো আরও মারামারি হবে। কিন্তু দেশের মানুষ জানে আওয়ামী লীগ ও বিএনপি দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ জানে একমাত্র জাপা দেশের গণতন্ত্র দিতে পারবে। জাপা ক্ষমতায় গেলে সবাই নিরাপদ থাকবে।