
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজনে জেলে যাব, তবুও দেশ ছেড়ে পালিয়ে যাব না। পালানোর ইতিহাস রয়েছে তো বিএনপির নেতাদের। শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ -কমিটির চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, পালাবার অভ্যাস তো বিএনপির, আমাদের কেউ পালিয়ে যায়নি। আওয়ামী লীগ ছয় দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবিলা করেছে। বঙ্গবন্ধু বলেছেন, এই দেশেতে জন্ম আমার এই দেশেতে মরব। আমাদের জন্ম এই দেশে, আমরা এই দেশেই মরব। তিনি বলেন, মুচলেকা দিয়ে আর রাজনীতি করব না বলে, দেশ থেকে সুদূর লন্ডনে পালিয়ে গেছে আপনাদের নেতা, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পালানোর ইতিহাস তো আপনাদের, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করব। বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের আদর্শ, এজেন্ডা নিয়ে, কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। পরিবহন মালিকরা আগুন সন্ত্রাসের ভয়ে বাস বন্ধ করলে আওয়ামী লীগ সরকাররের কী করার আছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।