
নিউজ ডেস্কঃ রাজধানীর নীলক্ষেতের রোডসাইড মার্কেটের (তুলা মার্কেট) সন অবৈধ দোকান ভাঙার কাজ চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দ্বিতীয় ও তৃতীয়তলার নকশা বহির্ভূত ১৪৮টি দোকান ভাঙার নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। রোববার (৬ নভেম্বর) দুপুর ১২টায় মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, মার্কেট ভাঙার জন্য সিটি করপোরেশন থেকে একটি পে-লেডার, একটি হুইল এক্সকাভেটর, হাইড্রলিক লেডার এবং ২টি ডাম্প ট্রাক আনা হয়েছে। নিরাপত্তার জন্য পুলিশের ২২ জন সদস্য রয়েছে ম্যাজিস্ট্রেটের সঙ্গে। এছাড়াও রয়েছে একটি অ্যাম্বুলেন্স। এদিকে মার্কেটের নিচতলার বৈধ দোকানগুলোর পাহারায় সেইসব দোকানের কর্মচারীরা প্রতিটি দোকানের সামনে অবস্থান করছেন। দুই ও তিনতলায় সিটি করপোরেশনের ৫০ জন কর্মী ভেতরের অংশ ভাঙার কাজ চালাচ্ছেন। নাসির উদ্দিন নামে সিটি করপোরেশনের একজন কর্মী জানান, আমরা সকাল ১০টা থেকে বিভিন্ন অংশ ভাঙার কাজ শুরু করেছি। ভাঙা জিনিসপত্রগুলো দুই ও তিন তালা থেকে নামানোর পর দুই ও তিন তলা পুরোপুরি স্থাপনা ভেঙে ফেলা হবে। সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, নীলক্ষেত সিটি করপোরেশনের তুলা মার্কেটে ৩৫টি বৈধ দোকানের ওপরে অবৈধভাবে দেড় শতাধিক দোকান তৈরি করা হয়েছে বিভিন্ন সময়ে। এটা নজরে আসার পর যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেয়রের নির্দেশমতো আমরা এ অবৈধ দোকানগুলো উচ্ছেদ করছি।